Site icon দৈনিক বঙ্গচিত্র

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: নতুন বাংলাদেশ গড়ার রূপরেখা দিলেন তারেক রহমান

দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরেই নতুন বাংলাদেশ গড়ার সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পূর্বাচলে ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ সংলগ্ন এলাকায় আয়োজিত এক বিশাল গণসংবর্ধনায় তিনি তার এই ভিশন তুলে ধরেন।

যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিংয়ের ঐতিহাসিক ভাষণের সূত্র টেনে তারেক রহমান বলেন, “মার্টিন লুথার কিং বলেছিলেন—‘আই হ্যাভ অ্যা ড্রিম’ (আমার একটি স্বপ্ন আছে)। আজ আমি বলছি—‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ (আমার একটি পরিকল্পনা আছে)।” তিনি স্পষ্ট করেন যে, এই পরিকল্পনা মূলত বাংলাদেশের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ ও দেশ পুনর্গঠনকে কেন্দ্র করে।

উপস্থিত লাখো জনতার উদ্দেশে তারেক রহমান বলেন, “দেশ গড়ার জন্য আমার কাছে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ আছে। এ দেশের মানুষকে সাথে নিয়েই আমি সেই লক্ষ্য বাস্তবায়ন করব।” তিনি একটি নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের অঙ্গীকার করে বলেন, “আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে একজন নাগরিক নিরাপদে ঘর থেকে বের হতে পারবেন এবং নিশ্চিন্তে ঘরে ফিরতে পারবেন।”

এর আগে, বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দীর্ঘ সময় পর মাতৃভূমিতে পা রেখে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং রানওয়েতে হাঁটু গেড়ে বসে জন্মভূমির মাটি ছুঁয়ে দেখেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা। এ সময় তার সাথে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

বিমানবন্দর থেকে একটি বিশেষ বাসে চড়ে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছান। বিকেলে তারেক রহমান মঞ্চে ওঠার সাথে সাথেই পুরো এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে। সংবর্ধনা অনুষ্ঠানটি এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়। বক্তৃতার শেষ পর্যায়ে তিনি দলমত নির্বিশেষে একটি স্বৈরাচারমুক্ত ও আধুনিক বাংলাদেশ গড়তে দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Exit mobile version