Site icon দৈনিক বঙ্গচিত্র

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, ৯ শিশু ও এক নারী নিহত

আফগানিস্তানের দক্ষিণ-পূর্ব খোস্ত প্রদেশে পাকিস্তানি বাহিনী বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে তালেবান সরকার। তাদের তথ্য অনুযায়ী, মধ্যরাতে হওয়া এই হামলায় অন্তত ৯ শিশু ও একজন নারী নিহত হয়েছেন। ঘটনাস্থলটি খোস্তের গুরবুজ জেলার একটি বাড়ি।

মঙ্গলবার (২৫ নভেম্বর) তালেবান প্রশাসনের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, সোমবার রাতেই কাজী মীরের ছেলে ওয়ালিয়াত খানের বাড়িতে বোমা নিক্ষেপ করা হয়। তিনি এক্স-এ লিখেছেন, হামলায় বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং নিহতদের মধ্যে পাঁচ ছেলে, চার মেয়ে ও একজন নারী ছিলেন।

তিনি আরও জানান, উত্তর-পূর্ব কুনার ও পূর্ব পাকতিকা প্রদেশেও একই সময় বিমান হামলা হয়েছে, যাতে অন্তত চার বেসামরিক মানুষ আহত হয়েছেন।

এর কয়েক ঘণ্টা আগে পাকিস্তানের পেশোয়ারে ফ্রন্টিয়ার কনস্টেবুলারি সদর দপ্তরে বন্দুকধারীরা হামলা চালায়। গুরুত্বপূর্ণ সামরিক এলাকার কাছে হওয়া ওই ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছে বলে নিরাপত্তা সূত্র জানিয়েছে। দুইজন আত্মঘাতী হামলাকারী এ ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে।

সম্প্রতি পাকিস্তানে একের পর এক আত্মঘাতী হামলার ঘটনা ঘটছে। চলতি মাসের শুরুতে ইসলামাবাদে এক হামলায় ১২ জন নিহত হন, যার দায় স্বীকার করে পাকিস্তান তালেবান—যারা আদর্শিকভাবে আফগান তালেবানের ঘনিষ্ঠ।

এদিকে কয়েক মাস ধরে সীমান্ত নিয়ে আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্ক উত্তপ্ত। সংঘর্ষে উভয় দেশের মানুষ হতাহত হওয়ার পর শান্তি আলোচনায় বসা হলেও পরে দুপক্ষই একে অপরকে দায় দিয়ে সেই আলোচনা ভেঙে যায়।

Exit mobile version