Site icon দৈনিক বঙ্গচিত্র

গণভোটের ‘পাতানো ফাঁদে’ না পড়ার আহ্বান জামায়াতের হামিদুর রহমানের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে ১৮ দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (৫ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল এসব প্রস্তাব তুলে ধরে।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজন করা ঠিক হবে না। কারণ এতে গণভোটকে উপেক্ষা করার সুযোগ তৈরি হতে পারে। কম ভোট পড়লে তা নিয়ে প্রশ্ন উঠবে। তাই “পাতানো ফাঁদে” পা দেওয়ার সুযোগ নেই।

তিনি জানান, নির্বাচনী জোট নিয়ে এখনও জামায়াত কোনো সিদ্ধান্ত নেয়নি। প্রথমে নির্বাচনের মৌলিক বিষয়গুলোর সমাধান চাই। এরপর প্রয়োজন হলে জোটের সিদ্ধান্ত নেয়া হবে।

জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, আটটি সমমনা দলের সঙ্গে যে ঐক্য হয়েছে, তা কোনো জোট নয়; এটি যুগপৎ আন্দোলন। প্রবাসী ভোট নিয়েও তাদের দল সংশয় প্রকাশ করেছে।

হামিদুর রহমান আযাদ আরও বলেন, জামায়াত চায় আগামী নির্বাচন শান্তিপূর্ণ হোক। দাবি পূরণ না হলে গণভোটসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাবে দলটি। পাশাপাশি গণভোট আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশনকে নির্দেশনা দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

Exit mobile version