বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন দলটির জ্যেষ্ঠ নেতারা। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে তারেক রহমান নিজে পৌঁছাতে দেরি হওয়ায় দলের পক্ষ থেকে এই শ্রদ্ধা জানানো হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সূর্যাস্তের আগে তারেক রহমান অনুষ্ঠানস্থলে পৌঁছাতে না পারায় বিকেল ৫টা ৬ মিনিটে উপস্থিত নেতারা স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক ও সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। এছাড়া আরও উপস্থিত ছিলেন ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবরসহ দলের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।
এর আগে বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন তারেক রহমান। সেখান থেকে তিনি সরাসরি সাভারের উদ্দেশ্যে রওনা হন। তবে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে হাজার হাজার নেতাকর্মীর ভিড় এবং জনস্রোতের কারণে তার গাড়ি বহর পৌঁছাতে বিলম্ব হয়।
দীর্ঘ ১৭ বছর নির্বাসন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। আজ সফরের দ্বিতীয় দিনে তিনি রাষ্ট্রীয় ও দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তার নিরাপত্তায় সাভার ও মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, র্যাব এবং বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকেও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

