Site icon দৈনিক বঙ্গচিত্র

টাঙ্গাইল শহরে কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা

টাঙ্গাইল শহরে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসভবনে গতকাল শনিবার রাতে দুর্বৃত্তরা হামলা ও ভাঙ্চুর করেছবি: সংগৃহীত

টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসভবনে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙচুর করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাত ১টার দিকে, টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়ায়।

জেলা সদর সড়কের পাশে কবি নজরুল সরণীতে অবস্থিত কাদের সিদ্দিকীর বাসভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় রয়েছে ‘সোনার বাংলা কমিউনিটি সেন্টার’, আর তার উপরের তলায় তিনি নিজে বসবাস করেন। হামলার সময় কাদের সিদ্দিকী বাড়িতেই অবস্থান করছিলেন।

বাসার কর্মচারীদের বরাতে জানা গেছে, ঘটনার সময় কাদের সিদ্দিকী গভীর ঘুমে ছিলেন। রাত আনুমানিক একটার দিকে ১০ থেকে ১৫ জনের একটি দল হঠাৎ করে তার বাসার দিকে ইট-পাটকেল ছুড়তে শুরু করে। এরপর তারা মইয়ের সাহায্যে গেট টপকে বাড়ির ভেতরে ঢুকে দুটি গাড়ি ভাঙচুর করে। তবে আশপাশের মানুষ ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। তাদের মধ্যে অনেকেই মুখ ঢেকে ছিল, এবং কিছুজন হেলমেট পরা অবস্থায় ছিল।

টাঙ্গাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহমেদ জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং অচিরেই দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।অন্যদিকে, আজ রোববার কাদের সিদ্দিকীর নির্বাচনী এলাকা বাসাইলে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের এক সমাবেশের আয়োজন করা হয়েছিল, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কাদের সিদ্দিকীর। তবে একই সময় ও স্থানে ‘ছাত্র সমাজ’ নামের একটি সংগঠন ছাত্র সমাবেশের ঘোষণা দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কায় প্রশাসন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাসাইল শহিদ মিনার ও তার আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে।

Exit mobile version