Site icon দৈনিক বঙ্গচিত্র

নবাবগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে পাঁচ শিশুকে ধর্ষণের অভিযোগ

 

||বিএন আহাম্মেদ ||ঢাকার নবাবগঞ্জে একই মাদ্রাসার পাঁচ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষক মো. ওয়াসিম মাদ্রাসাটির অধ্যক্ষ ছিলেন।

ভুক্তভোগী এক শিশুর মা শুক্রবার (২৪ অক্টোবর) গভীর রাতে নবাবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত শিক্ষক পলাতক আছেন। মামলায় তাঁর বিরুদ্ধে আরও কয়েকজন শিশুকে একইভাবে নির্যাতনের অভিযোগও করা হয়েছে।

মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা গেছে, শিক্ষক ওয়াসিম প্রায়ই শিক্ষার্থীদের নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করতেন। ১৫ অক্টোবর এক শিক্ষার্থী মাদ্রাসায় যেতে অস্বীকৃতি জানালে তার মা কারণ জানতে চান। পরে কান্নার মধ্যেই শিশুটি পুরো ঘটনা জানায়। বিষয়টি জানাজানি হওয়ার পর একই গ্রামের আরও চারজন শিক্ষার্থীও একই অভিযোগ তোলে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে

ঘটনার পর ২০ অক্টোবর রাতে শিক্ষক ওয়াসিম পালিয়ে যান। স্থানীয়রা জানান, ঘটনার পর মাদ্রাসাটি বন্ধ করে দেওয়া হয়েছে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে এবং অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে। একই প্রতিষ্ঠানের একই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ হওয়ায় পৃথক মামলা নেওয়া হয়নি।

Exit mobile version