Site icon দৈনিক বঙ্গচিত্র

নাটোরে ঘুরতে গিয়ে সাবেক স্ত্রীকে গলাকেটে হত্যা, অভিযুক্ত স্বামী আটক

নাটোরের লালপুরে সাবেক স্ত্রী তাম্মি আক্তারকে (২০) ঘুরতে নিয়ে গিয়ে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে প্রাক্তন স্বামী রবিন হোসেনের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার শোভদিদারপাড়া এলাকায় বড়াল রেল ব্রিজের পাশে এই নৃশংস ঘটনা ঘটে। স্থানীয়রা অভিযুক্ত রবিনকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছে।

নিহত তাম্মি উপজেলার নাবীরপাড়া গ্রামের জিল্লুর রহমানের মেয়ে। আটক রবিন হোসেন চন্ডিগাছা গ্রামের কসিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে প্রেমের সম্পর্কের জেরে গোপনে বিয়ে করেছিলেন তাম্মি ও রবিন। তবে দুই পরিবার তাদের বিয়ে মেনে না নেওয়ায় দাম্পত্য কলহ শুরু হয় এবং একপর্যায়ে তাদের বিচ্ছেদ (ডিভোর্স) হয়ে যায়। বিচ্ছেদের পর সম্প্রতি আবারও তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সুসম্পর্ক তৈরি হয়েছিল।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে তারা দুজনে বাগাতিপাড়া ইউএনও পার্ক সংলগ্ন রেললাইনে ঘুরতে যান। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে রবিন ধারালো ছুরি দিয়ে তাম্মির গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি দেখতে পেয়ে আশপাশের লোকজন রবিনকে ধরে ফেলেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযুক্ত রবিন হোসেনকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Exit mobile version