নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকৌ রোববার ডেমোক্রেটিক মেয়রপ্রার্থী জোহরান মামদানিকে সমর্থন জানিয়েছেন, যদিও তাঁদের মধ্যে আগে মতভেদ ছিল। হোকৌ নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক লেখায় জোহরানকে এমন একজন নেতা হিসেবে উল্লেখ করেছেন যিনি নগরটিকে সাশ্রয়ী করে গড়ে তোলায় মনোযোগী। এই সমর্থন মামদানির অবস্থানকে আরও শক্তিশালী করেছে এবং হাউস মাইনরিটি লিডার হেকিম জেফরিস ও সিনেট মাইনরিটি লিডার চাক শুমারের মতো শীর্ষস্থানীয় ডেমোক্র্যাটদের ওপর চাপ সৃষ্টি করেছে, যারা এখনো তাঁকে সমর্থন জানাননি।
দুই মাসের বেশি সময় ধরে চলা সতর্ক দূরত্বের অবসান ঘটিয়ে গভর্নরের এ সমর্থন এমন এক সময়ে এলো, যখন মামদানি গত জুনে ডেমোক্রেটিক প্রাইমারিতে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে হারিয়ে চমক সৃষ্টি করেছিলেন। যদিও হোকৌ তখন তাঁকে সমর্থন করতে রাজি হননি, পরবর্তীতে উভয়ের মধ্যে বেশ কয়েক দফা খোলামেলা আলোচনা হয়। হোকৌ লিখেছেন, তাঁরা ভিন্নমত পোষণ করলেও, আলোচনায় তিনি দেখেছেন, মামদানি এমন একটি নিউইয়র্ক গড়তে চান যেখানে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ এবং প্রতিটি পরিবারের জন্য সুযোগ থাকবে।
মামদানির প্রচারণার মূল বিষয় ছিল জীবনযাত্রার ব্যয় কমানো এবং প্রগতিশীল নানা পরিকল্পনা, যেমন – বিনা ভাড়ায় সিটি বাস, সরকারি গ্রোসারি এবং ধনীদের ওপর কর বাড়ানো। এ বিষয়ে হোকৌ আগে উদ্বেগ প্রকাশ করেছিলেন, বলেছিলেন এতে রাজ্য থেকে মানুষ চলে যেতে পারে। কারণ, যেকোনো কর বৃদ্ধির প্রস্তাব পাশ করাতে হয় আইনসভায় এবং তাতে গভর্নরের স্বাক্ষর প্রয়োজন।
হোকৌর সমর্থন রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ – এটি মামদানি ও ডেমোক্রেটিক দলের মূলধারার মধ্যে দূরত্ব কমাতে সহায়ক হতে পারে। অনেকেই মামদানির গণতান্ত্রিক সমাজতান্ত্রিক পরিচয় এবং ইসরায়েলবিষয়ক সমালোচনার কারণে সন্দেহ প্রকাশ করেছেন।
অন্যদিকে, হোকৌর জন্যও এটি কৌশলগত — ২০২৬ সালের নির্বাচনের আগে প্রগতিশীল অংশের মধ্যে নিজের অবস্থান দৃঢ় করতে এই সমর্থন তাঁকে সাহায্য করবে। তিনি লিখেছেন, তিনি খুশি যে মামদানি নগরের ইহুদি নেতাদের সঙ্গে কথা বলেছেন, তাঁদের উদ্বেগ শুনেছেন এবং গুরুত্ব দিয়েছেন। নিউইয়র্ক যেন সব ধর্মের মানুষের জন্য নিরাপদ থাকে – এ বিষয়ে তাঁরা একসঙ্গে কাজ করতে আগ্রহী।
মামদানি এক বিবৃতিতে গভর্নরের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সমর্থন ডেমোক্রেটিক দলকে ঐক্যবদ্ধ করতে সহায়তা করবে।

