গত মঙ্গলবার (২ ডিসেম্বর) হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের শুরুতে ট্রাম্প নিজেকে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের মতো ‘ঘুমকাতুরে’ নয়, বরং ‘আগের চেয়ে বেশি চনমনে’ উল্লেখ করেন। তিনি নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনের জবাবে বলেন, “আমি এখন ২৫ বছর আগের তুলনায় আরও চটপটে।”
তবে বৈঠকের প্রায় দেড় ঘণ্টা চলাকালীন ট্রাম্পকে বারবার ঘুমন্ত অবস্থায় দেখা যায়। মন্ত্রিসভার বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি যখন তাদের কাজের প্রশংসা করছিলেন, তখনও তিনি মনোযোগ হারিয়ে মাঝে মাঝে চেয়ারে ঢলে পড়ছিলেন। বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী রুবিওর বৈদেশিক নীতির প্রশংসা এবং ফুটবল রসিকতায় ট্রাম্পের প্রতিক্রিয়া ম্লান ছিল।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ২ ঘণ্টা ১৭ মিনিটের বৈঠক চলাকালীন ট্রাম্প একাধিকবার মনোযোগ হারান। তবে হোয়াইট হাউস এই অভিযোগ অস্বীকার করেছে। প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প পুরো বৈঠক মনোযোগ দিয়ে শুনেছেন এবং পুরো তিন ঘণ্টা বৈঠক পরিচালনা করেছেন।”

