Site icon দৈনিক বঙ্গচিত্র

নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর্যবেক্ষক দলকে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রোববার (১১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভারস আইজাবস প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ নিশ্চয়তা দেন।

সাক্ষাৎকালে ইভারস আইজাবস জানান, আসন্ন নির্বাচনে পর্যবেক্ষণের জন্য ইইউ বাংলাদেশে একটি বড় প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এর জবাবে প্রধান উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন ও গণভোট হবে সম্পূর্ণ বিশ্বাসযোগ্য এবং উৎসবমুখর। নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকার সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করতে পুরোপুরি প্রস্তুত।

নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ড. ইউনূস জানান, এবার আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের শরীরে থাকবে ‘বডি-ওর্ন ক্যামেরা’, যা কেন্দ্রীয় অ্যাপের মাধ্যমে ঢাকা থেকে সরাসরি মনিটর করা যাবে। এছাড়া প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ‘র‌্যাপড রেসপন্স স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে কাজ করবে।

প্রধান উপদেষ্টা আরও উল্লেখ করেন, আগামী ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু হবে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচারকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। পতিত স্বৈরাচারের সমর্থকরা নির্বাচন বিঘ্নিত করার চেষ্টা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে তিনি জানান, এসব ষড়যন্ত্র মোকাবিলায় নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

ইইউ পর্যবেক্ষকদের উপস্থিতিকে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে একটি বড় স্বীকৃতি হিসেবে অভিহিত করেন প্রধান উপদেষ্টা।

Exit mobile version