Site icon দৈনিক বঙ্গচিত্র

পদত্যাগ করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত) খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং এটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা পালনকারী বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।

গত বছরের নভেম্বরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তিন জন বিশেষ সহকারী নিয়োগ দিয়েছিলেন। তাদের উদ্দেশ্য ছিল স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের দাপ্তরিক কাজে সহায়তা করা এবং তাদের নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছিল। এর মধ্যে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) খোদা বকশ চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

অন্য দুজনের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন অধ্যাপক সায়েদুর রহমান এবং শিক্ষা মন্ত্রণালয়ে ছিলেন অধ্যাপক এম আমিনুল ইসলাম। উল্লেখ্য, অধ্যাপক আমিনুল ইসলাম আগেই পদত্যাগ করেছেন।

খোদা বকশ চৌধুরীর পদত্যাগের সুনির্দিষ্ট কোনো কারণ দাপ্তরিকভাবে জানানো হয়নি। তবে সাম্প্রতিক সময়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হামলার শিকার হওয়ার পর থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা ও বিশেষ সহকারীর পদত্যাগের দাবি উঠেছিল বিভিন্ন মহল থেকে। সেই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই তিনি পদত্যাগপত্র জমা দিলেন।

Exit mobile version