Site icon দৈনিক বঙ্গচিত্র

পশ্চিম তীরে দুই ফিলিস্তিনি নিহতের ঘটনায় ইসরাইলি অফিসারকে পদোন্নতি

ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভি একজন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছেন, যার নেতৃত্বাধীন ইউনিট পশ্চিম তীরের জেনিনে দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছিল। রোববার (৩০ নভেম্বর) স্থানীয় সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।

টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে জানানো হয়েছে, পদোন্নতির সিদ্ধান্তের একদিন আগে ইউনিটের সদস্যদের দুই ফিলিস্তিনির উপর গুলি চালানোর ভিডিও প্রকাশিত হয়। হারেটজ সংবাদপত্র জানিয়েছে, অতি-ডানপন্থি মন্ত্রী বেন-গভি ব্যক্তিগতভাবে ইউনিটের ঘাঁটি পরিদর্শন করে পদোন্নতির খবর দেন।

প্রতিবেদনে বলা হয়েছে, এই পদক্ষেপ সাধারণ নিয়মের বাইরে, কারণ সাধারণত পুলিশের ইউনিট কমান্ডাররা নিম্ন পদমর্যাদার অধিকারী হন।

ঘটনার আগে বৃহস্পতিবার, জেনিনে ইসরাইলি বাহিনী দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে একজন ২৬ বছর বয়সী মনতাসির আবদুল্লাহ এবং আরেকজন ৩৭ বছর বয়সী ইউসুফ আসাসা। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই হত্যাকাণ্ডকে ‘ঠান্ডা মাথায় মৃত্যুদণ্ড কার্যকর করা’ হিসেবে উল্লেখ করেছে।

এরপর মন্ত্রী বেন-গভি একটি বিবৃতি জারি করে হত্যাকাণ্ডে জড়িত সামরিক ও পুলিশ ইউনিটের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। প্রকাশিত ফুটেজে দেখা যায়, দুই ফিলিস্তিনি বাড়ি থেকে হাত উঁচু করে বের হচ্ছেন এবং পরে অফিসাররা তাদের মাটিতে শুয়ে পড়ার নির্দেশ দেন, এরপর একজন অফিসার কাছ থেকে গুলি চালিয়ে হত্যা করেন।

শুক্রবার বেন-গভি একটি ভিডিও পোস্ট করে ইউনিট কমান্ডারের সঙ্গে জড়িয়ে ধরে সমর্থন প্রকাশ করেছেন, যদিও ফৌজদারি তদন্ত চলছিল।

Exit mobile version