Site icon দৈনিক বঙ্গচিত্র

প্রতিবেশী দেশকে দাদাগিরি বন্ধ করতে হবে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক সমমর্যাদার ভিত্তিতে হতে হবে, দাদাগিরি করে নয়।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের রেহাইচর এলাকায় মহানন্দা নদীর রাবার ড্যাম পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ১৯৭১ সালে প্রতিবেশী দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছে, এখন চাইলে আরও সহায়তা করতে পারে। কিন্তু আগের সরকার সেই সুযোগ নিতে পারেনি; বরং নানা সময়ে দেশের ক্ষতি হয়েছে।

মির্জা ফখরুল অভিযোগ করেন, পূর্ববর্তী সরকার ভারতের সঙ্গে সম্পর্কে ‘দেনদরবার’ করেছে এবং এমন আচরণ করেছে যা দুই দেশের সম্পর্ককে দুর্বল করেছে। দেশের মর্যাদা রক্ষা করতে হলে সমান সম্মান ও স্বার্থকে গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে জনসচেতনতা তৈরি করতে হবে। জনগণের নির্বাচিত সরকার এলে এই দাবি আদায় করা সহজ হবে।

ড্যাম পরিদর্শনে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে বিকেলে পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিএনপি একটি গণসমাবেশের আয়োজন করেছে, যেখানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে মির্জা ফখরুলের।

Exit mobile version