Site icon দৈনিক বঙ্গচিত্র

বঙ্গোপসাগর থেকে ট্রলারসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফ উপকূলের কাছাকাছি বঙ্গোপসাগর থেকে একটি মাছ ধরার ট্রলারসহ সাতজন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের রাখাইন রাজ্যের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আশিকুর রহমান। তিনি জানান, আটক জেলেদের মধ্যে পাঁচজন বাংলাদেশি ও দুজন রোহিঙ্গা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যার দিকে সেন্টমার্টিন দ্বীপের অদূরে সীতা এলাকায় মাছ ধরার সময় এ ঘটনা ঘটে। ট্রলার মালিক শাওন আহমদের ট্রলারটি স্পিডবোটে আসা আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে থামিয়ে দেয়। এরপর ট্রলারসহ সাতজন জেলেকে ধরে নিয়ে যায় তারা।

মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্ক জানিয়েছে, ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মংডু টাউনশিপের উপকূল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে একটি বাংলাদেশি ট্রলার আটক করে আরাকান আর্মি। ট্রলার থেকে প্রায় ২৬০ কেজি মাছ ও তিনটি জালও জব্দ করা হয়েছে।

এর আগে ২৭ অক্টোবর নাইক্ষ্যংদিয়া এলাকায় মাছ ধরার সময় আরও চার জেলেকে আটক করে মিয়ানমার কর্তৃপক্ষ। তারা এখনো মুক্তি পায়নি।

টেকনাফের ইউএনওর দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং বিজিবি ও কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে।

বিজিবির হিসাব অনুযায়ী, গত বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে আরাকান আর্মি মোট ৩২২ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে। এর মধ্যে ১৮৯ জনকে ফেরত আনা গেলেও এখনো ১৩৩ জন নিখোঁজ রয়েছেন।

Exit mobile version