পবিত্র বড়দিন উপলক্ষে দেওয়া এক ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মৃত্যু কামনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেওয়া এক বার্তায় পুতিনের নাম সরাসরি উল্লেখ না করলেও তার ধ্বংসের ইঙ্গিত দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। একই সাথে তিনি দেশবাসীকে শান্তির জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
শুভেচ্ছা বার্তায় জেলেনস্কি বলেন, “রাশিয়া আমাদের ওপর অবর্ণনীয় দুর্ভোগ চাপিয়ে দিলেও তারা আমাদের সবচেয়ে মূল্যবান জিনিসটি কেড়ে নিতে পারেনি। সেটি হলো ইউক্রেনীয়দের হৃদয়, একে অপরের প্রতি বিশ্বাস এবং আমাদের জাতীয় ঐক্য।” পুতিনের প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, “আজ আমাদের সবার একটাই স্বপ্ন, একটাই চাওয়া—তার (পুতিন) বিনাশ হোক।”
যুদ্ধ নিরসনে জেলেনস্কি ইতোমধ্যেই ২০ দফার একটি শান্তি পরিকল্পনার খসড়া পেশ করেছেন। এতে দোনবাস অঞ্চলে মুক্ত অর্থনৈতিক অঞ্চল গঠন এবং যুক্তরাষ্ট্র ও ন্যাটোর পক্ষ থেকে নিরাপত্তার নিশ্চয়তার দাবি জানানো হয়েছে।
তবে শান্তি আলোচনার খবরের মাঝেই ইউক্রেনজুড়ে রুশ বাহিনীর হামলা আরও জোরালো হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা দোনেৎস্কের রোদিনস্ক এলাকায় বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে। বুধবার সুমি অঞ্চলেও ব্যাপক বিমান হামলা চালিয়েছে পুতিন বাহিনী, যাতে বেশ কয়েকজন হতাহত ও ঘরবাড়ি ধ্বংসের খবর পাওয়া গেছে।
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম।

