Site icon দৈনিক বঙ্গচিত্র

বিমানবন্দরের অগ্নিকাণ্ডে তদন্তে আসছেন চার দেশের বিশেষজ্ঞ

||বিএন আহাম্মেদ|| হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চার দেশের বিশেষজ্ঞদের নিয়ে তদন্তের উদ্যোগ নিয়েছে সরকার।

শনিবার (২৫ অক্টোবর) সকালে বিমানবন্দরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানান, অস্ট্রেলিয়া, চীন, ইংল্যান্ড ও তুরস্কের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে। তারা আগুন লাগার কারণ, অব্যবস্থাপনা ছিল কি না এবং কারও গাফিলতি আছে কি না—সব দিক খতিয়ে দেখবেন।

তিনি বলেন, “এটি একটি দুর্ঘটনা। বিমানবন্দরের নিজস্ব ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেছিল, তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।”

জাহাঙ্গীর আলম আরও জানান, প্রবাসী বাংলাদেশিদের সুবিধার জন্য শিগগিরই বিমানবন্দরের ই-গেট পুনরায় চালু করা হবে। পাশাপাশি তাদের জন্য পাসপোর্ট ফিও কমানোর পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির সদস্যরা সাড়ে সাত ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)।

Exit mobile version