ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নিউইয়র্কের ম্যানহাটনে ফেডারেল কোর্টহাউসে হাজির করেছে মার্কিন কর্তৃপক্ষ। সোমবার (৫ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরে তাকে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার থেকে আদালতে স্থানান্তর করা হয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা ও বিবিসির তথ্যমতে, মার্কিন জেলা জজ অ্যালভিন কে. হেলারস্টেইনের আদালতে মাদুরোর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মাদুরোকে হেলিকপ্টারে করে আদালতে নিয়ে আসা হয় এবং তার সঙ্গে তার স্ত্রীও ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের (ডিইএ) এজেন্টদের পাহারায় হেলিকপ্টার থেকে নামানোর সময় মাদুরো ও তার স্ত্রীকে কয়েদিদের নির্ধারিত পোশাকে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ সময় মাদুরোকে কিছুটা খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়।
উল্লেখ্য, ভেনেজুয়েলার কারাকাসে মার্কিন বাহিনীর ঝটিকা অভিযানের মাধ্যমে মাদুরোকে আটকের পর যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে মাদক পাচার ও সন্ত্রাসবাদে মদদ দেওয়ার মতো গুরুতর অভিযোগ এনেছে মার্কিন প্রশাসন। এই বিচার প্রক্রিয়াকে মাদুরো সরকার ‘সাম্রাজ্যবাদী আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছে।
