Site icon দৈনিক বঙ্গচিত্র

তিন ম্যাচের সিরিজে রেকর্ড গড়ে রশিদ-জাম্পাকে পেছনে ফেললেন রিশাদ

||বিএন আহাম্মেদ || ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে দারুণ ভূমিকা রেখেছেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও অবদান রেখে হয়েছেন সিরিজসেরা।

তিন ম্যাচের সিরিজে মোট ১২ উইকেট নিয়ে রিশাদ গড়েছেন নতুন রেকর্ড। সিরিজের প্রথম ম্যাচে তিনি নিয়েছিলেন ৬ উইকেট, দ্বিতীয় ম্যাচে ৩ উইকেট, আর শেষ ম্যাচেও তুলে নিয়েছেন আরও ৩টি। তিন ম্যাচে ১২ উইকেট নিয়ে তিনি এখন এক সিরিজে সর্বোচ্চ উইকেট নেওয়া স্পিনার।

এর আগে ১১ উইকেট নিয়ে যৌথভাবে রেকর্ডটি ধরে রেখেছিলেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা ও আফগানিস্তানের রশিদ খান। জাম্পা ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে, আর রশিদ চলতি মাসে বাংলাদেশের বিপক্ষে এই কৃতিত্ব দেখিয়েছিলেন। এবার তাদের দুজনকেই ছাড়িয়ে গেছেন রিশাদ।

তবে ওয়ানডে ক্রিকেটে তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ উইকেটের রেকর্ড এখনও বাংলাদেশেরই দখলে। ২০১৫ সালে ভারতের বিপক্ষে ১৩ উইকেট নিয়ে সেই রেকর্ড গড়েছিলেন মোস্তাফিজুর রহমান। তার ঠিক নিচে ১২ উইকেট নিয়ে রয়েছেন ভাসবার্ট ড্রেকস, মাশরাফী বিন মোর্ত্তজা এবং এখন রিশাদ হোসেন।

Exit mobile version