Site icon দৈনিক বঙ্গচিত্র

সিরাজগঞ্জে ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবক আটক

শিরোনাম: সিরাজগঞ্জে ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবক আটক

সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে গিয়ে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি জানান, তিনি কক্সবাজারের কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

বুধবার দুপুরে পাসপোর্ট অফিস থেকে আটক করে রোহিঙ্গা যুবক রিয়াজুল মোস্তফাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মুনতাকীম মো. ইব্রাহিম জানান, যুবকটি উল্লাপাড়া উপজেলার গফুর মিয়ার ছেলে ‘রিয়াজ মিয়া’ পরিচয়ে পাসপোর্ট করতে আসেন। তার কাছে পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের জন্মনিবন্ধন সনদও ছিল। তবে কথাবার্তা ও আচরণে সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ করলে তিনি সত্য স্বীকার করেন। পরে তাকে থানায় সোপর্দ করা হয়।

তিনি আরও বলেন, যাতে কোনো রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট নিতে না পারে—এ বিষয়ে পাসপোর্ট অফিস কঠোর ভাবে নজরদারি করছে।

সিরাজগঞ্জ সদর থানার তদন্ত পরিদর্শক আহসানুজ্জামান জানান, যুবকটি তার নাম রিয়াজুল মোস্তফা, বাবার নাম গুরা মিয়া এবং মায়ের নাম খতিজা বলে জানিয়েছেন। তিনি কুতুপালং ক্যাম্প থেকে এসেছেন। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

পুলিশ জানায়, ক্যাম্প কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাকে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও চলছে।

Exit mobile version