রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সোনারগাঁও ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী কয়েক হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে এই উৎসবমুখর অনুষ্ঠান সম্পন্ন হয়।
সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের শিশু বিষয়ক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস. মুরশিদ। সমাবর্তন বক্তা ছিলেন তথ্য ও সম্প্রচার এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহুদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে ২০২১ সালের স্প্রিং সেমিস্টার থেকে ২০২৫ সালের সামার সেমিস্টার পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করা হয়। এদের মধ্যে অসাধারণ মেধার স্বীকৃতিস্বরূপ ১৩ জন শিক্ষার্থীকে ‘চ্যান্সেলরস গোল্ড মেডেল’ এবং ৮৩ জনকে ‘ভাইস-চ্যান্সেলরস গোল্ড মেডেল’সহ মোট ৯৬ জন কৃতী শিক্ষার্থীকে স্বর্ণপদক দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ, উপাচার্য প্রফেসর শামিম আরা হাসানসহ উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এবারের সমাবর্তনে পরিবেশ রক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ‘বৃক্ষরোপণ ক্যাম্পেইন’-এ অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য আয়োজিত র্যাফেল ড্রতে বিজয়ীদের নগদ অর্থ, ল্যাপটপ ও স্মার্টফোন পুরস্কার প্রদান করা হয়।
সমাবর্তনের দ্বিতীয় পর্বে ছিল জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ, শিল্পী মাহতিম সাকিব ও শাহরিয়ার চৌধুরীর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সাংস্কৃতিক ক্লাবের পরিবেশনা পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

