Site icon দৈনিক বঙ্গচিত্র

১১ বছর পর এমএইচ৩৭০-এর খোঁজ পুনরায় শুরু করছে মালয়েশিয়া

মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ৩৭০ ফ্লাইটটি বেইজিং যাওয়ার পথে রহস্যময়ভাবে নিখোঁজ হওয়ার ১১ বছর পর, আগামী ৩০ ডিসেম্বর থেকে আবারও বিমানটির অনুসন্ধান শুরু হচ্ছে। বুধবার (৩ ডিসেম্বর) মালয়েশিয়ার পরিবহন মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

২০১৪ সালে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে বোয়িং ৭৭৭ বিমানটি ২২৭ জন যাত্রী এবং ১২ জন ক্রু নিয়ে নিখোঁজ হয়। এর পর থেকে একাধিক অনুসন্ধান অভিযান চালানো হলেও বিমানটির সন্ধান মেলেনি। প্রতিকূল আবহাওয়ার কারণে শেষ অনুসন্ধান এপ্রিল মাসে দক্ষিণ ভারত মহাসাগরে স্থগিত করা হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, অনুসন্ধান সংস্থা ওশান ইনফিনিটি ৫৫ দিনের জন্য সমুদ্রতলের অনুসন্ধান কার্যক্রম পুনরায় শুরু করবে। প্রধানত সেই এলাকাগুলোতে অনুসন্ধান করা হবে যেখানে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে নির্দিষ্ট অবস্থান এখনও প্রকাশ করা হয়নি।

মালয়েশিয়ার তদন্তকারীরা প্রাথমিকভাবে ইঙ্গিত দিয়েছেন, বিমানটিকে ইচ্ছাকৃতভাবে পথভ্রষ্ট করা হতে পারে। ধারণা করা হয়, ধ্বংসাবশেষ আফ্রিকার উপকূল এবং ভারত মহাসাগরের বিভিন্ন দ্বীপে ভেসে গেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ ভারত মহাসাগরের ১৫,০০০ বর্গকিলোমিটার এলাকায় যদি উল্লেখযোগ্য ধ্বংসাবশেষ পাওয়া যায়, তাহলে ওশান ইনফিনিটিকে ৭০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবে মালয়েশিয়া। ২০১৮ সাল পর্যন্ত চালানো অনুসন্ধানে বিমানটির কোনো উল্লেখযোগ্য ধ্বংসাবশেষ পাওয়া যায়নি।

Exit mobile version