Site icon দৈনিক বঙ্গচিত্র

অক্টোবরের ২২ দিনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ১৯২ কোটি ডলার

||বিএন আহাম্মেদ||চলতি বছরের অক্টোবর মাসের প্রথম ২২ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ১০ লাখ মার্কিন ডলার। গড়ে প্রতিদিন প্রায় ৮ কোটি ৭৩ লাখ ডলার করে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৭৯ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ, আগের বছরের তুলনায় এ বছর রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

তিনি আরও জানান, শুধু ২২ অক্টোবর একদিনেই দেশে এসেছে ৬ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। চলতি অর্থবছরের জুলাই থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশে মোট এসেছে ৯৫০ কোটি ৭০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ১৪ দশমিক ১০ শতাংশ বেশি।

এর আগে, গত সেপ্টেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার। আগস্টে আসে ২৪২ কোটি ১৮ লাখ ডলার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা এখন পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স আয়ের রেকর্ড।

Exit mobile version