অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার মতো নিজেদের সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিতে চাইছে—এ অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি-সমর্থিত পল্লি চিকিৎসক অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, যাদের কথা বলার এখতিয়ার নেই, তারাও এখন নানা বিষয়ে কথা বলছে। ১৪ মাস পর যে সনদ দেওয়া হলো, তার পরও তারা ভিন্ন ভিন্ন মত দিচ্ছে। তিনি মনে করেন, এটি অসাংবিধানিক এবং বেআইনি আচরণ।
তিনি আরও বলেন, কেউ কেউ রাস্তায় নেমে জোর করে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায়। তিনি নির্বাচন পেছানোর কোনো প্রচেষ্টার বিরোধিতা করে বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা কখনই এমন আচরণ করতে পারে না।
বিএনপির এই নেতা জানান, তাদের লক্ষ্য নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা। তার ভাষায়, “শুধু হাসিনা-মুক্ত বাংলাদেশ করলেই হবে না, গণতন্ত্রও ফিরিয়ে আনতে হবে।”
নির্বাচন নিয়ে তিনি বলেন, “আমরা রাজনীতিবিদরা জনগণের কাছে চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছি। সিদ্ধান্ত নেবে জনগণ।” তিনি দলের কর্মীদের উদ্দেশে বলেন, নির্বাচনের ফল ঘোষণা না হওয়া পর্যন্ত মাঠে থাকতে হবে।
বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে আমীর খসরু বলেন, ক্ষমতায় এলে স্বাস্থ্য ও শিক্ষায় বিনিয়োগ বাড়ানো হবে। এছাড়া এক কোটি মানুষের কর্মসংস্থান তৈরির লক্ষ্যও তাদের আছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে বাংলাদেশ ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছাবে।
দলের কঠিন সময়ে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, তৃণমূল নেতাকর্মীদেরও এগিয়ে আসতে হবে।

