
আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ অভিযোগ করেছেন, পাকিস্তান খোস্ত, কুনার ও পাকটিকা প্রদেশে বিমান ও বোমা হামলা চালিয়েছে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে খাজা আসিফকে প্রশ্ন করা হলে, পাকিস্তান কি হামলার বিষয়টি অস্বীকার করছে—তিনি বলেন, পাকিস্তান কখনো বেসামরিক লোকদের লক্ষ্য করে না। তিনি দাবি করেন, পাকিস্তানের সামরিক বাহিনী সুশৃঙ্খল ও নিয়ম মেনে চলে, আর তালেবানদের মতো ‘উগ্র গোষ্ঠী নয়’।
প্রতিরক্ষামন্ত্রী জানান, তালেবানরা এখন সব সীমা ছাড়িয়ে যাচ্ছে। তাই তাদের থেকে আর ভালো কিছু আশা করতে পারে না পাকিস্তান। তিনি বলেন, তুরস্ক, ইরান ও কাতারসহ অনেক দেশই আঞ্চলিক শান্তির জন্য কাজ করছে, যা সবারই উপকারে আসবে।
আসিফ আরও বলেন, তালেবান চাইলে ভারতের সঙ্গে বাণিজ্য করতে পারে—এ নিয়ে পাকিস্তানের কোনো আপত্তি নেই। তবে আফগানিস্তান সফরের পরও তিনি তালেবান সরকারের আচরণে কোনো ইতিবাচক পরিবর্তন দেখেননি।
তার মতে, নিজেদের নীতির কারণে আফগান তালেবানরা তাদের দেশকেই ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে। সময়ের সঙ্গে প্রতিবেশী দেশগুলো বাধ্য হয়ে শান্তির জন্য হস্তক্ষেপ করবে বলেও তিনি মন্তব্য করেন।
এর আগে মঙ্গলবার আফগানিস্তানের তিনটি প্রদেশে হামলার অভিযোগ ওঠে, যা তালেবান পাকিস্তানের ওপর চাপিয়েছে। দুই দেশের মধ্যে গত কয়েক মাস ধরেই সীমান্ত উত্তেজনা চলমান রয়েছে।