আশুলিয়ায় শ্রমিক নেওয়া-আসার জন্য ব্যবহৃত একটি চলন্ত বাসে আগুন ধরে যায়। ঘটনাটির সময় বাসে কোনো শ্রমিক না থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া থানা স্ট্যান্ড এলাকায় সীমা পরিবহনের বাসটিতে আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানান, পলাশবাড়ী থেকে ডিইপিজেডের দিকে যাচ্ছিল বাসটি। হঠাৎ চালক পেছনের অংশে আগুন দেখতে পেয়ে দ্রুত থামিয়ে নেমে যান। স্থানীয় লোকজন পানি ও বালতি নিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
চালক রেজাউল ইসলাম জানান, প্রতিদিন সকাল ও সন্ধ্যায় তারা এই বাসে এলজেড কারখানা ও এক্সপেরিয়েন্স গার্মেন্টসের শ্রমিক পরিবহন করেন। তবে আগুন কীভাবে লাগল—তা তিনি বলতে পারেননি।
ঘটনার খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ও সাভার হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত বাসটি রাস্তা থেকে সরিয়ে নেয়। হঠাৎ আগুন লাগার ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে।
ঘটনা নিয়ে পুলিশ এখনো কোনো মন্তব্য করেনি।

