Site icon দৈনিক বঙ্গচিত্র

ইউপিইউ কাউন্সিলে পুনর্নির্বাচিত হওয়ায় বাংলাদেশ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : পুরোনো

ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের (ইউপিইউ) প্রশাসনিক কাউন্সিল (সিএ)-এ বাংলাদেশ পুনরায় নির্বাচিত হওয়ায় দেশের প্রতিনিধিদলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত ইউপিইউ কাউন্সিলের নির্বাচনে বাংলাদেশ ১৫৭টি ভোটের মধ্যে ৯৭টি পেয়ে নবম অবস্থানে থেকে নির্বাচিত হয়। এতে করে টানা দ্বিতীয়বারের মতো চার বছরের জন্য কাউন্সিলের সদস্যপদ অর্জন করল দেশটি।

গত মেয়াদে বাংলাদেশের অংশগ্রহণ ছিল তুলনামূলকভাবে সীমিত। ২০২১ সালের নভেম্বরে একটি মাত্র সরাসরি বৈঠকে অংশগ্রহণ করে, আর বাকি কার্যক্রমে ভার্চুয়ালি যুক্ত ছিল। এতে করে সংগঠনে বাংলাদেশের সক্রিয় অবদান রাখার সুযোগ ছিল সীমাবদ্ধ।

এই সীমিত অংশগ্রহণের কারণে নির্বাচনে ফের জয় পাওয়া নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়েছিল। তবে বাংলাদেশের কার্যকর কূটনৈতিক প্রচেষ্টা সে আশঙ্কা দূর করতে সক্ষম হয়। সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এই ফলাফলকে বাংলাদেশের জন্য ‘কূটনৈতিক সাফল্য’ হিসেবে আখ্যা দিয়েছেন।

সূত্র : বাসস

Exit mobile version