Site icon দৈনিক বঙ্গচিত্র

ইনিংস ব্যবধানে জয়ের পথে বাংলাদেশ

সিলেট টেস্টের তৃতীয় দিন শেষে ইনিংস ব্যবধানে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দল। দ্বিতীয় দিনে মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরি এবং সাদমান ইসলাম ও মুমিনুল হকের ব্যাটে শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে আজ নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের জুটি বড় লিড এনে দেয়। শান্ত তার ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি করেন। ৩০১ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করার পর আইরিশদের পাঁচ ব্যাটারকে আউট করে জয় প্রায় নিশ্চিত করে ফেলেছে টাইগাররা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) তৃতীয় দিনের শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ২৯ ওভারে ৫ উইকেটে ৮৬ রান। বাংলাদেশের চেয়ে তারা এখনো ২১৫ রানে পিছিয়ে।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে আইরিশরা। নাহিদ রানা চতুর্থ ওভারেই বোল্ড করেন আগের ইনিংসে অর্ধশতক হাঁকানো ক্যাড কারমাইকেলকে। এরপর পল স্টার্লিং ও হ্যারি ট্যাক্টর ৪৭ রানের জুটি গড়েন। কিন্তু শান্তর থ্রোতে রানআউট হয়ে ফেরেন স্টার্লিং (৪৩)। কিছু পরেই তাইজুল ইসলাম আউট করেন ট্যাক্টরকে (১৮)।

এরপর হাসান মুরাদ দুর্দান্ত বোলিংয়ে দুই ওভারে পরপর আউট করেন কার্টিস ক্যাম্ফার (৫) ও লরকান টাকারকে (৯)।

এর আগে বাংলাদেশ দিনের শুরুতে আগের দিনের ৩৩৮ রানের সঙ্গে আর মাত্র ২ রান যোগ করে ওপেনার মাহমুদুল হাসান জয়কে হারায়। তিনি ২৮৬ বলে ১৭১ রান করেন, যা তার ক্যারিয়ারসেরা ইনিংস। মুমিনুল হকও সেঞ্চুরির কাছাকাছি গিয়ে ৮২ রানে থেমে যান।

লিটন দাস ৬০ রান করে শান্তর সঙ্গে ৯৮ রানের জুটি গড়েন। শান্ত ১১৪ বলে ১৪ চারে ১০০ রান করেন। শেষ দিকে মিরাজ ১৭, হাসান মুরাদ ১৬ এবং হাসান মাহমুদ ১৩ রানে অবদান রাখেন।

দিন শেষে ব্যাটসম্যানদের দারুণ পারফরম্যান্স ও বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ইনিংস ব্যবধানে জয়ের খুব কাছেই দাঁড়িয়ে বাংলাদেশ।

Exit mobile version