বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল একটি গণযুদ্ধ, এটি কোনো একটি রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না। তিনি বলেন, সাম্য ও ন্যায়ের জন্য যে যুদ্ধ হয়েছিল, তার পরই দেশে দুঃশাসনের সূচনা হয়।
সোমবার (১৫ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মেজর (অব.) হাফিজ বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যদি সঠিক ও গ্রহণযোগ্য হয়, তাহলে মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন নিয়ে জীবন উৎসর্গ করেছিলেন, তা বাস্তবায়নের পথ খুলবে।
তিনি আরও বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধকে কোনো একক দলের অর্জন হিসেবে উপস্থাপনের চেষ্টা ইতিহাসের বিকৃতি। এই যুদ্ধ ছিল দেশের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সংগ্রাম।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অল্পসংখ্যক আসনের শক্তি নিয়ে একটি গোষ্ঠী ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে এবং নতুনভাবে পিআর পদ্ধতির কথা সামনে আনছে। পাশাপাশি একটি পক্ষ গণ-অভ্যুত্থানের কৃতিত্ব নিজেদের দখলে নিতে চাইছে বলেও অভিযোগ করেন তিনি।
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বিএনপি ক্ষমতায় না এলে দেশে আবারও ভুল ইতিহাস চর্চার ঝুঁকি তৈরি হবে। একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ সহিংসতার পথ বেছে নিতে পারে, যার মোকাবিলা একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব।

