Site icon দৈনিক বঙ্গচিত্র

এলপিজি সংকটে বিপাকে পরিবহন খাত, বন্ধের মুখে অটোগ্যাস স্টেশন

দেশে চলমান এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সংকটের কারণে অটোগ্যাস স্টেশনগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। নিয়মিত গ্যাস সরবরাহ না পাওয়ায় স্টেশন মালিকরা চরম লোকসানের মুখে পড়েছেন বলে জানিয়েছে তাদের কেন্দ্রীয় সংগঠন।

শনিবার (১০ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই উদ্বেগের কথা জানায় বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে দেশে প্রায় এক হাজার অটোগ্যাস স্টেশন রয়েছে, যেখান থেকে প্রতিদিন অন্তত দেড় লাখ যানবাহন গ্যাস সংগ্রহ করে। এসব স্টেশনের মাসিক চাহিদা প্রায় ১৫ হাজার টন হলেও প্রয়োজনীয় সরবরাহ পাওয়া যাচ্ছে না। ফলে অধিকাংশ স্টেশন এখন কার্যত অচল।

সংগঠনের নেতারা বলেন, জ্বালানি সংকটের কারণে চালক ও মালিকরা চরম ভোগান্তিতে পড়েছেন। এক স্টেশন থেকে অন্য স্টেশনে ঘুরেও গ্যাস মিলছে না। দীর্ঘ সময় স্টেশন বন্ধ থাকায় কর্মচারীদের বেতন ও ব্যাংক ঋণের কিস্তি পরিশোধ করা মালিকদের জন্য অসম্ভব হয়ে পড়েছে।

সংকট নিরসনে সরকারের কাছে ছয় দফা দাবি তুলে ধরেছে সংগঠনটি। তারা জানায়, দেশে ব্যবহৃত মোট এলপিজির মাত্র ১০ শতাংশ পরিবহন খাতে লাগে। এই সামান্য পরিমাণ গ্যাস সরবরাহ নিশ্চিত করতে না পারলে পরিবেশবান্ধব এই বিকল্প জ্বালানি খাতটি ধ্বংস হয়ে যেতে পারে। সংকট কাটাতে দ্রুত এলপিজি আমদানি স্বাভাবিক করার দাবি জানান তারা।

Exit mobile version