Site icon দৈনিক বঙ্গচিত্র

কানাডায় অবৈধ ভারতীয় অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু

যুক্তরাষ্ট্রের পর এবার কানাডায়ও অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু হয়েছে। বিশেষ করে অবৈধভাবে বসবাসরত ভারতীয় নাগরিকদের ধরতে এই অভিযান চালাচ্ছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। এটি গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় অভিযান বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি (সিবিএসএ) জানায়, গত আগস্ট মাস থেকে এ অভিযান শুরু হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে আরও জোরদার করা হয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্যালগারি, টরন্টো ও ভ্যাংকুভারের বিভিন্ন নির্মাণাধীন ভবন, রেস্তোরাঁ ও খামারে অভিযান চালানো হয়েছে।

অভিযানে বেশ কয়েকজন ভারতীয় নাগরিককে আটক বা দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। আটককৃতদের বেশিরভাগই সাবেক শিক্ষার্থী বা অস্থায়ী কর্মী, যাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও তারা কাজ চালিয়ে যাচ্ছিলেন।

গত ১৫ অক্টোবর ক্যালগারির একটি নির্মাণাধীন ভবনে পরিচালিত অভিযানে চারজন অবৈধ বিদেশি শ্রমিককে আটক করা হয়, যাদের মধ্যে তিনজন ছিলেন ভারতীয়। তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানায় অভিবাসন কর্তৃপক্ষ।

এর আগে সেপ্টেম্বরে টরন্টোর পিল অঞ্চলে অভিযান চালিয়ে ৫০ জনেরও বেশি ভারতীয় নাগরিককে শনাক্ত করা হয়। তাদের বেশিরভাগই পাঞ্জাবের বাসিন্দা এবং ছাত্র ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অনুমতি ছাড়া কাজ করছিলেন।

গণমাধ্যম জানায়, অবৈধ অভিবাসীদের চাকরি দেওয়ার দায়ে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোকে প্রতি ঘটনায় সর্বোচ্চ ৫০ হাজার কানাডিয়ান ডলার জরিমানা করা হতে পারে। সিবিএসএ জানায়, অবৈধ শ্রমিক নিয়োগ ও মানবপাচার রোধে এই অভিযান চলছে।

সংস্থাটি আরও জানিয়েছে, অবৈধ অভিবাসী শনাক্তে তারা এক হাজার অতিরিক্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।

Exit mobile version