Site icon দৈনিক বঙ্গচিত্র

কুড়িগ্রাম সীমান্তে ৯ ভারতীয়কে পুশইন: একই পথে ফেরত পাঠালো বিজিবি

কুড়িগ্রামের নাগেশ্বরী সীমান্ত দিয়ে নারীসহ ৯ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে, পুশইন করা ব্যক্তিদের পুনরায় একই পথে ভারতে ফেরত পাঠানো হয়েছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার মধ্যরাতে উপজেলার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী সীমান্ত দিয়ে এই ৯ ভারতীয় নাগরিককে পুশইন করা হয়। বুধবার ভোরে তারা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে বিভিন্ন সড়ক দিয়ে যাওয়ার সময় সাহেবেরখাষ এলাকার গোলের হাট ও কচাকাটা বাজারে বিজিবির হাতে আটক হন। আটকদের মধ্যে তিনজন নারী ছিলেন।

আটকদের একজন ভারতের আসাম রাজ্যের শাহার আলী জানান, তাদের ভারতের ডিটেনশন ক্যাম্প থেকে নিয়ে এসে রাতের অন্ধকারে কাঁটাতারের ওপারে (বাংলাদেশে) পাঠিয়ে দেয় বিএসএফ। তাদের দলে নারীসহ মোট ৯ জন সদস্য ছিলেন।

এ বিষয়ে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, “পুশইন করা ব্যক্তিরা মূলত সীমান্ত এলাকাতেই ছিলেন। তারা যে পথ দিয়ে অনুপ্রবেশ করেছিলেন, বিজিবি তাদের সেই পথ দিয়েই পুনরায় ফেরত পাঠিয়েছে।” এই ঘটনার প্রতিবাদে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে আলোচনার কথা জানিয়েছে বিজিবি।

Exit mobile version