মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বাংলাদেশের গলদা ও বাগদা চিংড়ি আন্তর্জাতিক বাজারে অত্যন্ত সমাদৃত। এই মূল্যবান সম্পদ সংরক্ষণ করে পরিকল্পিতভাবে এর উৎপাদন বাড়াতে হবে। রোববার (২৮ ডিসেম্বর) সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া বড়ডাঙ্গা এলাকায় সংরক্ষিত চিংড়ি চাষ এলাকা পরিদর্শন ও চাষিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা উল্লেখ করেন, গলদা চিংড়ি চাষে বাংলাদেশের অবস্থান অত্যন্ত গৌরবজনক। এই খাতের মাধ্যমে পারিবারিক পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি নারী-পুরুষের কর্মসংস্থান ও আয় বাড়ছে। তিনি আরও জানান, সরকার জলাবদ্ধতা নিরসনে ড্রেজিংসহ কার্যকর পদক্ষেপ নেবে এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে চাষিদের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে।
মতবিনিময় সভায় চাষিরা তাদের নানা সমস্যার কথা তুলে ধরলে উপদেষ্টা সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে সমাধানের নির্দেশ দেন। এরপর তিনি ডুমুরিয়ার ধানিবুনিয়া এলাকায় অবস্থিত ‘এসএস ইন্টারন্যাশনাল এগ্রো’ পরিদর্শন করে মৎস্য ও প্রাণিসম্পদভিত্তিক উৎপাদন ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।
একই দিনে দুপুরে উপদেষ্টা বাগেরহাটের ফকিরহাটে অবস্থিত মহিষ প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শন করেন। সেখানে তিনি মহিষের প্রজনন পদ্ধতি, খাদ্য ব্যবস্থাপনা ও খামারের সার্বিক উন্নয়ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে খুলনা বিভাগীয় মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।
