Site icon দৈনিক বঙ্গচিত্র

জরাজীর্ণ খুলনা নদীবন্দর: অর্ধেক কমেছে পণ্য খালাস, বিপাকে শ্রমিকরা

অবকাঠামো সংকট ও নাব্যতার অভাবে চরম অস্তিত্ব সংকটে পড়েছে খুলনা নদীবন্দর। ভৈরব নদের তীরে অবস্থিত এই বন্দরের গুরুত্বপূর্ণ ঘাটগুলো ভেঙে পড়ায় জাহাজ ভিড়তে পারছে না। ফলে গত দুই বছরে পণ্য খালাসের পরিমাণ অর্ধেকে নেমে এসেছে, যার সরাসরি প্রভাব পড়ছে সরকারের রাজস্ব ও স্থানীয় অর্থনীতিতে।

সরেজমিনে দেখা গেছে, দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে বন্দরের কয়েকটি প্রধান ঘাট ধসে পড়ে আছে। পর্যাপ্ত জেটি ও পণ্য রাখার জায়গার অভাবের পাশাপাশি আধুনিক যন্ত্রপাতির সংকটে ব্যবসায়ীরা এই বন্দর ব্যবহারে আগ্রহ হারাচ্ছেন। খুলনা অভ্যন্তরীণ নৌ-পরিবহন মালিক গ্রুপের তথ্যমতে, আগে বছরে শতাধিক জাহাজ পণ্য খালাস করলেও এখন তা অর্ধেকের নিচে নেমেছে।

নদীবন্দরের এই স্থবিরতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ শ্রমিকরা। আগে দুই হাজারের বেশি শ্রমিক এখানে কাজ করলেও বর্তমানে মাত্র ৫০০ জনের মতো টিকে আছেন। কাজ না থাকায় অনেক শ্রমিক পেশা পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, গত পাঁচ বছরে বন্দরের উন্নয়নে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

খুলনা নদীবন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মোহা. মাসুদ পারভেজ জানান, ঘাট সংস্কার ও নাব্য সংকট নিরসনে নতুন প্রকল্প গ্রহণের পরিকল্পনা চলছে। দ্রুতই এসব সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, ১৯৬০ সালে ১৪৩ একর জায়গাজুড়ে প্রতিষ্ঠিত এই বন্দরটি দক্ষিণাঞ্চলের পণ্য সরবরাহের অন্যতম প্রধান কেন্দ্র। দ্রুত সংস্কার না করা হলে এই বন্দর কেন্দ্রিক বাণিজ্য পুরোপুরি বন্ধ হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

Exit mobile version