ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল শুনানির প্রথম দিনে বড় সাফল্য পেয়েছে জাতীয় পার্টি। শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশনে (ইসি) শুনানির পর দলটির চারজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী সাংবাদিকদের জানান, সারাদেশে দলটির ২৪৪ জন প্রার্থীর মধ্যে ২৫ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছিল। আজ ৯ জনের শুনানির কথা ছিল, যার মধ্যে পাঁচজনের শুনানি শেষে চারজন প্রার্থিতা ফিরে পেয়েছেন এবং একজনের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।
তিনি আরও জানান, গ্যাস বিল বকেয়া, ফরম জমা না নেওয়া এবং নাগরিকত্ব সনদ সংক্রান্ত ছোটখাটো ভুলের কারণে তাদের প্রার্থিতা বাতিল হয়েছিল, যা তথ্য প্রমাণের ভিত্তিতে সংশোধন করা হয়েছে। তবে যে প্রার্থীর সিদ্ধান্ত স্থগিত রয়েছে, তিনি ভুলবশত নিজেকে মার্কিন নাগরিক হিসেবে উল্লেখ করেছিলেন, যা এখন কমিশনের বিবেচনাধীন।
ইসির সংশোধিত তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। এরপর ২০ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে।