
দীর্ঘ ১৮ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফেরার দ্বিতীয় দিনে তারেক রহমান বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এদিন দুপুর থেকেই রাজধানীর গুলশান থেকে শুরু করে জিয়া উদ্যান পর্যন্ত হাজার হাজার নেতাকর্মী তাকে স্বাগত জানাতে রাস্তায় ভিড় করেন। জনস্রোত সামাল দিতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বেশ হিমশিম খেতে হচ্ছে।
এর আগে, বিকেল পৌনে ৫টায় তারেক রহমান জিয়া উদ্যানে পৌঁছান। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে তিনি তার বাবা জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। ফাতেহা পাঠ শেষে তিনি শহীদ জিয়ার রুহের মাগফিরাত এবং মা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাত করেন।
জিয়া উদ্যান থেকে ৫টার দিকে তিনি সাভারের উদ্দেশ্যে রওনা দিলেও রাত ১০টা পর্যন্ত তিনি পথেই অবস্থান করছিলেন। দলীয় সূত্র জানায়, রাস্তার প্রতিটি মোড়ে নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করতে গিয়ে এবং ভিড়ের কারণে গন্তব্যে পৌঁছাতে বিলম্ব হয়। তাকে দেখতে রাস্তার দুপাশে গভীর রাত পর্যন্ত অপেক্ষা করছেন উৎসুক জনতা।