Site icon দৈনিক বঙ্গচিত্র

জামায়াতের সঙ্গে নির্বাচনী জোটের কারণ জানালেন নাহিদ ইসলাম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ সমমনা ১০ দলের সঙ্গে জোটে যাওয়ার কারণ ব্যাখ্যা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানিয়েছেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র রুখতেই এই বৃহত্তর ঐক্য গড়া হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, এনসিপি এককভাবে ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর রাজনৈতিক প্রেক্ষাপট বদলে গেছে। তিনি অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পেছনের মূল শক্তি—তরুণ, নাগরিক ও শহীদ পরিবারগুলোকে এখন লক্ষ্যবস্তু করা হচ্ছে। আধিপত্যবাদী শক্তি নির্বাচন বাঞ্চাল করার চেষ্টা করছে বলেও তিনি দাবি করেন।

নাহিদ ইসলাম আরও উল্লেখ করেন, এই জোট কেবল নির্বাচনের জন্য নয় বরং রাষ্ট্রীয় সংস্কার, ন্যায়বিচার নিশ্চিত করা এবং দুর্নীতি ও আধিপত্যবাদের বিরুদ্ধে একটি ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে কাজ করবে। সোমবার (২৯ ডিসেম্বর) প্রার্থীদের তালিকা চূড়ান্ত করে মনোনয়নপত্র জমা দেওয়া হবে বলেও জানান তিনি।

তবে জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে এনসিপির ভেতরে অস্থিরতা তৈরি হয়েছে। এরই মধ্যে দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাসহ বেশ কয়েকজন নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

দশ দলীয় জোটে যারা আছেন:

বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

Exit mobile version