জুলাই মাসের অভ্যুত্থানকালে ইন্টারনেট বন্ধ করে সহিংসতা ঘটানোর সুযোগ তৈরির অভিযোগে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন শেখ হাসিনার ছেলে ও আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
ট্রাইব্যুনাল–সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আন্দোলন চলাকালে সচেতনভাবে ইন্টারনেট সেবা বন্ধ করে হত্যাকাণ্ডে সহযোগিতার যে অভিযোগ ছিল, তার তদন্ত কাজ শেষ হয়েছে। একই মামলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধেও তদন্ত সম্পন্ন হয়েছে।
অভিযোগপত্র অনুযায়ী, তিন সপ্তাহের আন্দোলনের সময় বারবার ইন্টারনেট বন্ধ করা হয়। ১৭ জুলাই মধ্যরাত থেকে ২৮ জুলাই পর্যন্ত মোবাইল ইন্টারনেট পুরোপুরি অচল ছিল। ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোও ১৩ দিন বন্ধ ছিল, যা ৫ আগস্ট দুপুরে স্বাভাবিক হয়।
প্রসিকিউশন আরও জানায়, আরেক মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধেও আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের প্রস্তুতি চলছে। আন্দোলন দমনে কারফিউ জারি থেকে শুরু করে দমন-পীড়নের পরামর্শ দেওয়ার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি প্রসিকিউশনের।
সব ঠিক থাকলে বৃহস্পতিবার বা আগামী সপ্তাহের মধ্যে জয়–পলক এবং আনিসুল–সালমানের বিরুদ্ধে দুটি মামলার অভিযোগপত্র ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে।

