Site icon দৈনিক বঙ্গচিত্র

জুলাই সনদের পাতা বদল করে ষড়যন্ত্র চলছে: রুহুল কবির রিজভী

||বিএন আহাম্মেদ ||বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ‘জুলাই জাতীয় সনদ–২০২৫’-এর মূল কপি থেকে বিএনপির স্বাক্ষরিত পাতা বদল করে ঐকমত্য কমিশনে জমা দেওয়া হয়েছে। তিনি বলেন, দেশে যেন নির্বাচন না হয়, সেই উদ্দেশ্যে গভীর ষড়যন্ত্র চলছে।

বৃহস্পতিবার রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে অন্ধ গফুরের বাড়িতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, “চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্রজনতার আন্দোলনে বিজয়ের পথ সুগম করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এখন সেই আন্দোলনের অর্জনকে নস্যাৎ করার চেষ্টা চলছে।”

তিনি আরও বলেন, “একটি ফ্যাসিবাদী আমল এখন ইতিহাস। যে সময় বিরোধী দলের কণ্ঠরোধ করা হতো, মানুষ ভয়ে ফিসফিস করে কথা বলত— সেই সময় আর নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ ১৭ বছর ধরে মুক্ত কণ্ঠের জন্য সংগ্রাম করেছেন।”

জানা গেছে, রাজবাড়ীর জন্মান্ধ গফুর মল্লিক (৭৯) ট্রেনে বাদাম ও নাড়ু বিক্রি করে জীবিকা চালান। তার গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি নজরে এনে সহায়তার নির্দেশ দেন।

এরই ধারাবাহিকতায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে গফুর মল্লিককে ১ লাখ ৭৫ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুল রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মমিন মিথুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেলসহ স্থানীয় নেতারা।

Exit mobile version