Site icon দৈনিক বঙ্গচিত্র

জেমসের কনসার্টে হামলা নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার শনাক্ত

ফরিদপুরে জেমসের কনসার্টে বহিরাগতদের হামলার ঘটনাকে ‘ইসলামিস্ট মব অ্যাটাক’ হিসেবে প্রচার করা ভারতীয় গণমাধ্যমগুলোর দাবিকে ভিত্তিহীন ও অপপ্রচার হিসেবে শনাক্ত করেছে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান ‘বাংলাফ্যাক্ট’। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) এই মিডিয়া রিসার্চ টিম জানিয়েছে, মূল ঘটনার সাথে ধর্মীয় কোনো সম্পৃক্ততা ছিল না।

অনুসন্ধানে জানা গেছে, ফরিদপুর জিলা স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠানটি শুধুমাত্র নিবন্ধিত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ছিল। কনসার্টে প্রবেশের সুযোগ না পেয়ে এবং বসার জায়গা না থাকায় ক্ষুব্ধ বহিরাগতরা হামলা চালায়, যার ফলে অনুষ্ঠানটি স্থগিত করতে হয়। এই বিশৃঙ্খলাকে ঘিরেই ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যম ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পরিস্থিতি ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা করছে।

বাংলাফ্যাক্ট আরও জানায়, গত বছর থেকেই বাংলাদেশকে কেন্দ্র করে ভারতীয় গণমাধ্যমগুলোতে ভুল তথ্য ও গুজব ছড়ানোর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তারা ইতিমধ্যে ইন্টারনেটে ছড়িয়ে পড়া এ ধরনের শত শত অপতথ্য শনাক্ত করেছে এবং সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। মূলত সামাজিক অস্থিরতা বা বিশৃঙ্খলার প্রতিটি বিচ্ছিন্ন ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার এই প্রচেষ্টাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।

Exit mobile version