
তীব্র শীত আর ঘন কুয়াশায় ঢাকা পড়েছে রাজধানী। একদিকে বইছে শৈত্যপ্রবাহ, অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে বায়ুদূষণ। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করার পাশাপাশি বায়ুমান সূচকেও শহরটি বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের মধ্যে সর্বনিম্ন। সকাল থেকেই ঘন কুয়াশা আর হিমেল বাতাসে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন ঢাকার তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ওঠানামা করতে পারে এবং দুপুর পর্যন্ত কুয়াশার দাপট বজায় থাকতে পারে।
দূষণে বিশ্বে দ্বিতীয় ঢাকা
আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার (IQAir) এর তথ্যানুযায়ী, আজ বেলা ১১টার দিকে ঢাকার বায়ুমান সূচক (AQI) ছিল ২৪৫ স্কোর। এই মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। দূষণের এই তালিকায় ৩৩৪ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের দিল্লি এবং ২২০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে কলকাতা।
স্বাস্থ্যঝুঁকি ও সতর্কতা
একিউআই স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে তাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এমন পরিস্থিতিতে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টজনিত রোগীদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। বায়ু বিশেষজ্ঞদের মতে, শীতকালে শুষ্ক আবহাওয়ার কারণে বাতাসে ধুলাবালি ও ক্ষতিকর কণার পরিমাণ বেড়ে যাওয়ায় ঢাকার বাতাস জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, দুপুর ১২টার পর কুয়াশা কিছুটা কমলে শীতের অনুভূতি কমতে পারে, তবে শুষ্ক আবহাওয়ার কারণে ধুলিকণা বাতাসে ভেসে থাকায় বায়ুদূষণ কমার সম্ভাবনা কম।