
দলীয় সূত্রে জানা গেছে, নোয়াখালীর মাইজদী রশিদ কলোনী থেকে নেতাকর্মীদের নিয়ে ‘হিমাচল’ পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশে রওনা দেয়। রাত ১টার দিকে কুমিল্লার বাগমারা বাজার এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের (ডিভাইডার) ওপর তুলে দেয়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর দুই জনের অবস্থার অবনতি হলে তাদের জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। গুরুতর আহতরা হলেন— নোয়াখালী পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন জামাল এবং নেয়াজপুর ইউনিয়ন বিএনপি কর্মী ইউসুফ।
বাকি আহতদের কুমিল্লায় প্রাথমিক চিকিৎসা শেষে অ্যাম্বুলেন্সযোগে নোয়াখালী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বাসের যাত্রী ও নোয়াখালী শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের সোহেল জানান, হঠাৎ বিকট শব্দে বাসটি ডিভাইডারের ওপর উঠে যায়। এতে মুহূর্তের মধ্যে বাসের ৩০ জন আরোহী আহত হন।
নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রিয় নেতা তারেক রহমানকে বরণ করে নিতে নেতাকর্মীরা অত্যন্ত উৎসাহ নিয়ে ঢাকায় আসছিলেন। পথে এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় দলীয় নেতাকর্মীরা মর্মাহত।