Site icon দৈনিক বঙ্গচিত্র

তারেক রহমান এখনো ভোটার নন: জানাল নির্বাচন কমিশন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো ভোটার হিসেবে নিবন্ধিত নন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। সোমবার (১ ডিসেম্বর) নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, তারেক রহমান ভোটার হননি—এটাই আমাদের কাছে থাকা তথ্য। তিনি আরও জানান, ইসি চাইলে যেকোনো ব্যক্তিকে যেকোনো সময় ভোটার তালিকায় যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারে, আইনেও সেই সুযোগ আছে।

নতুন রাজনৈতিক দল নিবন্ধন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান ইসির সিনিয়র সচিব।

সম্প্রতি বিএনপির সূত্র জানায়, চলতি মাসের মধ্যভাগে দেশে ফিরে তারেক রহমান ভোটার হিসেবে নিবন্ধন করতে পারেন। ইসির নিয়ম অনুযায়ী, বয়সসীমা পূরণ থাকা সত্ত্বেও কেউ বাদ পড়লে তিনি আবেদন করে ভোটার হতে পারেন। তবে যারা ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর না হওয়ায় নতুন ভোটার হতে পারেননি, তাদের এখন আর তালিকাভুক্তির সুযোগ নেই। যেহেতু তারেক রহমান নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন, তাই মনোনয়ন জমার আগেই তাকে ভোটার হতে হবে।

২০০৮ সালে ছবিযুক্ত ভোটার তালিকা তৈরি হওয়ার সময় তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমান লন্ডনে ছিলেন। সম্প্রতি দেশে ফিরে জোবাইদা রহমান ভোটার হয়েছেন। তারেক রহমান দেশে ফিরলে স্বাক্ষর, আঙুলের ছাপ ও আইরিস স্ক্যানসহ সব প্রক্রিয়া সম্পন্ন করলেই তিনি ভোটার হতে পারবেন।

Exit mobile version