রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতে পৌঁছেছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে তিনি দিল্লির পালাম বিমানবন্দরে নামেন। সেখানে তাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এনডিটিভির তথ্য অনুযায়ী, মোদি পুতিনকে ব্যক্তিগত নৈশভোজে আমন্ত্রণ জানাবেন। শুক্রবার (৫ ডিসেম্বর) আনুষ্ঠানিক স্বাগত পর্বের পর দুই দেশের প্রতিনিধিদের আলোচনায় বসার কথা রয়েছে। বৈঠক শেষে মোদি ও পুতিন গণমাধ্যমের সামনে বিবৃতি দেবেন।
২০২২ সালে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর এটি পুতিনের প্রথম ভারত সফর। সফরের আগে রাশিয়ার পার্লামেন্ট ভারত-রাশিয়া সামরিক সহযোগিতা বাড়াতে একটি গুরুত্বপূর্ণ চুক্তি অনুমোদন করেছে। এই চুক্তির ফলে দুই দেশের সেনারা একে অপরের দেশে সামরিক অবকাঠামো ব্যবহার করতে পারবে।
এ ছাড়া ২৩তম ভারত–রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আসা পুতিনের এ সফরে সামরিক, বাণিজ্য এবং তেল খাতের সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, দ্বিপাক্ষিক সম্পর্ক কত দূর এগোবে, তা নির্ভর করছে ভারত কতটা সহযোগিতা বাড়াতে আগ্রহী তার ওপর।