আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজনের সক্ষমতা ও বাস্তবতা নেই বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
নুরুল হক নুর বলেন, “প্রতীক নিয়ে নির্বাচন কমিশনকে বিতর্কিত করা কোনো রাজনৈতিক দলেরই উচিত নয়।” তিনি আরও বলেন, “নির্বাচনের সংলাপে ফ্যাসিবাদের সহযোগীদের রাখা যাবে না এবং সাংবাদিকদের দায়িত্ব পালনে কোনো বাধা দেওয়া যাবে না।”
তিনি জানান, জোটভুক্ত দলগুলো দলীয় প্রতীকেই নির্বাচনে অংশ নেবে—এ নিয়মকে গণঅধিকার পরিষদ ইতিবাচকভাবে দেখছে।
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে সাত সদস্যের প্রতিনিধি দল নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নেন নুরুল হক নুর। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনাররাও উপস্থিত ছিলেন।
বৈঠকে গণঅধিকার পরিষদ নয় দফা প্রস্তাবনা দেয়। এর মধ্যে ছিল—অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে, সে বিষয়ে আইন প্রণয়ন এবং প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন।
নুরুল হক নুর বলেন, “নির্বাচনকে সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য করতে হলে কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। জনগণের আস্থা ফিরে পেতে কমিশনকে সাহসী পদক্ষেপ নিতে হবে।”