নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন বাহারের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে উপ-সহকারী পরিচালক মো. জাহেদ আলম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
৫০ বছর বয়সী আনোয়ার হোসেন বাহার সেনবাগের ইয়ারপুর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। ২০১৬ সাল থেকে তিনি কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি সেনবাগ উপজেলা বিএনপির সদস্য সচিব।
মামলার নথি অনুযায়ী, দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে তিনি ভবন নির্মাণে ব্যয় করা ১০ লাখ ৭৭ হাজার টাকার তথ্য গোপন করেছেন। ‘দুদক আইন ২০০৪’-এর ২৬(২) ধারায় এটি দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত।
দুদকের অনুসন্ধানে আরও উঠে আসে, ২০২১-২২ থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত আনোয়ার হোসেন বাহারের মোট সম্পদের পরিমাণ ৬৭ লাখ ৭৫ হাজার ৭৯৯ টাকা। অপরদিকে তার বৈধ আয় হিসেব করা হয়েছে ২৯ লাখ ৩০ হাজার ৯৭০ টাকা। আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মিলিয়ে দেখা যায়, ৩৮ লাখ ৪৪ হাজার ৮২৯ টাকার সম্পদের কোনো বৈধ উৎস পাওয়া যায়নি।
দুদকের অভিযোগ, এসব সম্পদ তিনি অবৈধভাবে অর্জন করে নিজের দখলে রেখেছেন, যা ‘দুদক আইন ২০০৪’-এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
দুদকের কোর্ট পরিদর্শক মো. ইদ্রিস মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।