পৌষের হাড়কাঁপানো শীতে কাঁপছে উত্তরের জনপদ পঞ্চগড়। হিমালয়ের কোল ঘেঁষা এই জেলায় জেঁকে বসেছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, টানা দুই দিন ধরে এই জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর আগে সকাল ৬টায় তাপমাত্রা ছিল ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
সরেজমিনে দেখা যায়, ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। দৃষ্টিসীমা কমে আসায় মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। কনকনে ঠান্ডার কারণে রাস্তায় মানুষের উপস্থিতি ছিল অন্যদিনের তুলনায় অনেক কম। তবে সকাল ৯টার পর সূর্যের দেখা মেলায় হাড়কাঁপানো শীত থেকে কিছুটা স্বস্তি পেতে শুরু করেছে স্থানীয় বাসিন্দারা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, শুক্রবার সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার। গতকাল বৃহস্পতিবার এই জেলায় তাপমাত্রা আরও কমে ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল।
আবহাওয়াবিদদের মতে, কোনো এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। বর্তমান পরিস্থিতি বিবেচনায় পঞ্চগড়ে এই মৃদু শৈত্যপ্রবাহ আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। টানা শৈত্যপ্রবাহের ফলে শীতজনিত নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছেন চিকিৎসকরা।