Site icon দৈনিক বঙ্গচিত্র

পাঁচ বছর পর ভারত-চীন আকাশপথে সরাসরি ফ্লাইট চালু

||বিএন আহাম্মেদ || দীর্ঘ বিরতির পর আবারও চালু হলো ভারত ও চীনের সরাসরি ফ্লাইট। পাঁচ বছর বন্ধ থাকার পর রোববার (২৬ অক্টোবর) রাতে কলকাতা থেকে চীনের গুয়াংঝুর পথে ইন্ডিগো এয়ারলাইন্স তাদের প্রথম ফ্লাইট পরিচালনা করে।

ভারতের সবচেয়ে বড় বিমান সংস্থা ইন্ডিগো জানিয়েছে, এটি হবে দৈনিক ফ্লাইট। এছাড়া আগামী নভেম্বর থেকে নয়াদিল্লি থেকে সাংহাই ও গুয়াংঝু রুটেও নতুন ফ্লাইট চালু করা হবে।

রোববার ভারতে চীনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “চীন ও ভারতের মধ্যে সরাসরি বিমান চলাচল আবারও শুরু হয়েছে, এটি এখন বাস্তবতা।”

২০২০ সালে সীমান্তে উত্তেজনার পর দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট বন্ধ হয়ে যায়। তবে সাম্প্রতিক সময়ে সম্পর্কের পরিবেশ কিছুটা উষ্ণ হওয়ায় বিমান চলাচল পুনরায় শুরু হলো।

ভারত সরকার জানিয়েছে, এই সিদ্ধান্ত দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ বাড়াবে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করতে সহায়তা করবে।

Exit mobile version