বড়দিন উপলক্ষে খ্রিস্টধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি খ্রিষ্টান ধর্মের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এই শুভেচ্ছা ও অভিনন্দন বিনিময় করেন।
বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি দেশের খ্রিস্টান সম্প্রদায়সহ বিশ্ববাসীকে বড়দিনের আন্তরিক শুভেচ্ছা জানান। এ সময় তিনি জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি চিরকাল অটুট রাখার আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য যেন সবসময় অক্ষুণ্ণ থাকে, সে লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আগত অতিথিদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি রাষ্ট্রপতি বড়দিনের তাৎপর্য ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ধর্মের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। খ্রিস্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব ঘিরে বঙ্গভবনে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

