মালয়েশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি পেট্রোনাস জানিয়েছে, বাংলাদেশ ফুটবল লিগে স্পন্সর হওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। সোমবার (২৪ নভেম্বর) কোম্পানির দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
পেট্রোনাস বলেছে, ২৩ নভেম্বর সোশ্যাল মিডিয়া এবং কিছু ক্রীড়া পোর্টালে দাবি করা হয় যে তারা বাংলাদেশ ফুটবল লিগের প্রধান স্পন্সর হতে যাচ্ছে। কিন্তু প্রতিষ্ঠানটি স্পষ্টভাবে জানিয়েছে, তারা কোনো চুক্তি করেনি এবং তাদের নাম বা লোগো ব্যবহারের অনুমতিও কেউ পায়নি।
কোম্পানির ভাষায়, এ ধরনের তথ্য তাদের ব্র্যান্ড নামের অপব্যবহার এবং এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়েছেন। পেট্রোনাস সবাইকে এমন গুজবে বিশ্বাস না করার আহ্বান জানিয়েছে।
তারা আরও জানিয়েছে, তাদের ব্র্যান্ডের সুরক্ষা নিয়ে কোম্পানি খুবই কঠোর এবং ভবিষ্যতে অননুমোদিতভাবে নাম বা লোগো ব্যবহার করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ ফুটবল লিগে পেট্রোনাস যুক্ত হতে পারে—এমন আলোচনা চলছিল বিভিন্ন জায়গায়। এবারের বিবৃতির মাধ্যমে প্রতিষ্ঠানটি বিষয়টি পরিষ্কার করল।