বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাজারে দাম কমানোর নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা যে অভিযান চালান, তা বাস্তব কোনো ফল আনে না এবং মূলত লোক দেখানো কাজ।
শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বলেন, কয়েক মিনিটের জন্য অভিযান চালিয়ে দাম কমানো যায় না, এতে ভোক্তার প্রকৃত স্বস্তি ফিরে আসে না। তার ভাষায়, “এ ধরনের অভিযান ননসেন্স কাজ।”
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মরণ করে আমীর খসরু বলেন, তিনি ছিলেন আপসহীন নেতা। এরশাদ আমল থেকে শুরু করে ওয়ান-ইলেভেন এবং বর্তমান সরকার পর্যন্ত নানা প্রলোভন দেখানো হলেও খালেদা জিয়া কখনো আপস করেননি। বিএনপিও অন্যায় বা কোনো প্রলোভনের সঙ্গে আপস করবে না বলে তিনি মন্তব্য করেন।
আলোচনা সভায় তিনি আরও বলেন, অনেক বিষয়ে দ্বিমত থাকা সত্ত্বেও দেশ ও জাতির স্বার্থে বিএনপি নির্বাচন করছে।